সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩১
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩১

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০১:৩৮:১৭ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩১


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৪ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স ২ বছর। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে গত এক দিনে সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন।এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন ভর্তি হয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও নতুন করে আরও ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জনসহ বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে আরও সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১৩০ জন, মৌলভীবাজারে ১৩৩ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর এই হিসাবের মধ্যে রুবেলার দুজন রোগীর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

মৃত্যুর হিসাবে সুনামগঞ্জে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট জেলায় ৪৩ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর