সম্ভাব্য নাশকতার ঝুঁকিতে সিলেট, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ AM

সম্ভাব্য নাশকতার ঝুঁকিতে সিলেট, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৮:৪৬:২৯ PM

সম্ভাব্য নাশকতার ঝুঁকিতে সিলেট, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ


দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে সিলেট মহানগরও সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় এক সাংবাদিক কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলা, মতিঝিলে মেট্রো স্টেশনের জেনারেটর কক্ষে আইইডি স্থাপন এবং আশুলিয়ায় শক্তিশালী আইইডি উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং জানতে চান, সিলেট মহানগর পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন উৎস থেকে নিয়মিত পাচ্ছি। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আমরা অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আপনারাদের কাছে যদি সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক কোনো তৎপরতা সম্পর্কে তথ্য থাকে, তাহলে দ্রুত আমাদের জানাবেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর