বালাগঞ্জে যৌথভাবে অনুষ্ঠিত জুলাই মাসের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি এম এ মালিক।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় এমপি মালিক বলেন, সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই ফলশ্রুতিতে পর্যায়ক্রমে বালাগঞ্জ উপজেলার সব রাস্তা পাকা করা হবে। আগামি ৫ বছরে এই অঞ্চলের একটি রাস্তাও কাঁচা থাকবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এমপি আরো বলেন, এই উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরী করা হবে।
তিনি বলেন, এই উপজেলায় কৃষি কার্ড নিয়ে নানা অনিয়মের অভিযোগ শুনেছি। দায়িত্বশীলদের এবিষটি খতিয়ে দেখতে হবে।
প্রতিটি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতায় তদারকি করতে হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের সমস্যাগুলো নিরসন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
এম এ মালিক আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। আধুনিক যোগাযোগ নির্ভর বালাগঞ্জ গড়ে তোলাই তার লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল মুনিম, মুজিবুর রহমান, নাজমুল আলম, শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, থানার ওসি আব্দুল লতিফ তরফদার।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








