মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে টিপরাছড়া চা-বাগানের শতাধিক চা-শ্রমিক অংশ নেন। এ সময় তাঁরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, খেজুরীছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাশ, চা-শ্রমিক বৃন্দা তাঁতী, ঝিনুক বোনার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ ও জয় কুমার পালসহ অনেকে।
পরে নাচঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চা-বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








