জনসাধারণের ব্যবহৃত ব্রিজের ওপর পাথর স্তূপ করে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টির অপরাধে নূর মোহাম্মদ নামের এক বালু ও পাথর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নূর মোহাম্মদ পৌরসভার আনোয়ারপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কালনী ব্রিজে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।
কালনী ব্রিজের ওপর পাথর স্তূপ করে রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন নূর মোহাম্মদ। ব্রিজের ওপর এভাবে পাথর স্তূপ করে রাখার ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছিল এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। জনভোগান্তির অভিযোগের ভিত্তিতে আজ সকালে সরেজমিনে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী নূর মোহাম্মদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজ থেকে সমস্ত পাথর অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত সেতু বা সরকারি রাস্তা দখল করে পাথর ও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে পথচারী ও স্থানীয় মানুষের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি হয় এবং চলাচলের পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনগণের সুবিধা নিশ্চিত করতেই আজ আমরা এই অভিযান পরিচালনা করেছি।
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করা হলে জনস্বার্থে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করা হবে। সরকারি রাস্তা বা ব্রিজের স্বাভাবিক চলাচল ব্যাহত করে কেউ ব্যবসা করার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং ব্রিজে চলাচলকারী সাধারণ চালকেরা।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








