আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৯ PM

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৭:৪৫:১১ PM

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?


বিশ্বকাপের সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটিতে জয় পেলে লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে। বিশ্বকাপের ইতিহাসে এমন কীর্তি গড়া হবে মাত্র অষ্টম দেশের।

এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও তুঙ্গে। প্রকাশিত তথ্য অনুযায়ী, জনপ্রিয় অনলাইন টিকিট কেনা-বেচার প্ল্যাটফর্ম সিটগিকে ফি’সহ সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ২ হাজার ৯৩১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬১ হাজার টাকা)। স্টেডিয়ামের একেবারে নিচের দিকের আসন, যাকে বলা হয় ১০০-লেভেল; এসব আসনের দাম শুরু হয়েছে ৩ হাজার ৪৪৯ ডলার থেকে (প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা)। এ ছাড়া স্টেডিয়ামের মাঝামাঝিতে থাকা ২০০-লেভেলের আসনের টিকিটের দাম ৩ হাজার ৬৯০ ডলার (৪ লাখ ৫৪ হাজার টাকা)।

এ ছাড়া মাঠের একদম কাছাকাছি লোয়ার লেভেল ক্লাব টিকিটের দাম শুরু হয়েছে ১২ হাজার মার্কিন ডলার (প্রায় ১৪ লাখ ৭৯ হাজার টাকা) থেকে। এই টিকিটের সঙ্গে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ওপেন বার, প্রিমিয়াম ডাইনিং এবং বিশেষ উপহার অন্তর্ভুক্ত থাকে। তবে কিছু সময়ের জন্য এসব টিকিটের দাম সর্বোচ্চ ১৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা) পর্যন্ত উঠেছে।

লোয়ার লেভেল ক্লাব আসনের চাহিদা সবচেয়ে বেশি থাকায় থার্ড-পার্টি রিসেল মার্কেটপ্লেসে এসব টিকিটের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তা ছাড়া, ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে এ ধরনের কিছু হাই-প্রিমিয়াম লাউঞ্জ ও গ্র্যান্ড স্ট্যান্ড সিটের দাম বিক্রেতারা সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলারের ওপরেও নির্ধারণ করেছেন। তবে ‘সিটগিক’ ও ‘স্টাবহাব’-এর মতো সেকেন্ডারি সাইটে এগুলো ৮ হাজার থেকে ১৬ হাজার মার্কিন ডলারের (প্রায় ৯ লাখ ৮৬ হাজার থেকে ১৯ লাখ ৭২ হাজার টাকা) মধ্যেই ওঠানামা করছে।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের ২০০ এবং ৩০০ কনকোর্সের মাঝামাঝি কিছু লাক্সারি স্যুট বা কেবিন রয়েছে। থার্ড-পার্টি সাইটগুলোতে এসব প্রিমিয়াম স্যুটের আসনের মূল্য ৮ হাজার থেকে ৯ হাজার মার্কিন ডলারের (৯ লাখ ৮৬ হাজার থেকে ১১ লাখ ৯ হাজার টাকা) মধ্যে ওঠানামা করছে। তবে সম্পূর্ণ একটি প্রাইভেট প্রিমিয়াম লাক্সারি স্যুটের সর্বোচ্চ দাম উঠেছে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৯৩ লাখ টাকা)।

স্পেশাল গ্যালাঘের লেভেল বা অনুরূপ প্রাইভেট স্যুটগুলোর দাম ১ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার (প্রায় ২ কোটি ১৮ লাখ) থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ৫ কোটি ১৭ লাখ টাকা) পর্যন্ত বিক্রি হচ্ছে। এই প্যাকেজগুলোতে সাধারণত ১২ থেকে ১৮টি টিকিট এবং ৪টি পার্কিং পাস একসঙ্গে অন্তর্ভুক্ত থাকে। পাশাপাশি পুরো স্যুট বুক না করে একটি স্যুটের ভেতর একক টিকিট কেনারও ব্যবস্থা রয়েছে। এসব শেয়ার্ড ফিল্ড স্যুটগুলোর টিকিটের দাম প্রতি সিটের জন্য সর্বোচ্চ ২৩ হাজার ৮৫৮ মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ টাকা) পর্যন্ত পড়ছে। এই আকাশচুম্বী মূল্যের স্যুটের সঙ্গে শেফ-কিউরেটেড প্রিমিয়াম খাবার, আনলিমিটেড অ্যালকোহল ও পানীয়, ভিআইপি স্টেডিয়াম এন্ট্রান্স এবং ডেডিকেটেড সার্ভিস স্টাফের সুবিধা দেওয়া হয়।

মাঠের একদম পাশ ঘেঁষে প্লেয়ারদের বেঞ্চের পেছনের আসনগুলোর দামও অত্যন্ত বেশি। টিকিটমাস্টারের তথ্য অনুযায়ী, এই আসনগুলোর জন্য টিকিটপ্রতি ৯ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ হাজার মার্কিন ডলারের (প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা) বেশি খরচ করতে হচ্ছে।

ফিফার অফিসিয়াল ক্যাটাগরি-১ (সবচেয়ে ভালো সাধারণ আসন) টিকিটের দাম রিসেল মার্কেটে গড়ে ৩ হাজার ৫৪৫ মার্কিন ডলারে বিক্রি হয়ে সব সোল্ড-আউট হয়ে গেছে।

টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘টিকেটডেটাডটকম’-এর তথ্য অনুযায়ী, গত তিন দিনে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৪ শতাংশ বেড়েছে। সোমবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২ হাজার ৮৪১ ডলার (৩ লাখ ৫০ হাজার ১৬৬ টাকা)। শনিবার তা সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে (৩ লাখ ৬৫ হাজার ৫৭৩ টাকা) উঠেছিল, পরে কিছুটা কমে ২ হাজার ৫৩৭ ডলারে (৩ লাখ ১২ হাজার ৬৯৭) নেমে আসে।

অন্যদিকে একই আসরের প্রথম সেমিফাইনাল, ফ্রান্স-স্পেন ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১ হাজার ৩২৫ ডলার (১ লাখ ৬৩ হাজার ৩১২ টাকা), যা গত তিন দিনে ২৬ শতাংশ কমেছে। ফলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম ফ্রান্স-স্পেন ম্যাচের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাকেও টিকিটের উচ্চমূল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। দুই দল বিশ্বকাপে ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ সালে স্মরণীয় লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। এ ছাড়া ১৯৮২ সালের ১০ সপ্তাহব্যাপী ফকল্যান্ডস যুদ্ধেও দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। যদিও সাত বছর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়, তবে ৪০ বছর পেরিয়ে গেলেও মাঠের প্রতিদ্বন্দ্বিতা এখনও তীব্র।

আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে লোপেজ বলেন, ‘মাঠের ভেতরে ও বাইরে—এই ম্যাচের সঙ্গে অনেক ইতিহাস, অনেক কষ্ট এবং অনেক কিছু জড়িয়ে আছে। তবে আমরা পেশাদার। অন্যসব ম্যাচের মতোই শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে খেলব।’

এ ম্যাচটি বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচও হতে পারে, যদি আর্জেন্টিনা হেরে যায়। বর্তমানে ৩৯ বছর বয়সী মেসি ২০৩০ বিশ্বকাপে খেললে তার বয়স হবে ৪৩। সে ক্ষেত্রে তিনি খেলতে পারলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসাম এল-হাদারির দখলে। তিনি ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর বয়সে খেলেছিলেন।

এদিকে ফাইনালের টিকিটের দামও বেশ চড়া। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৬ হাজার ৭৬০ ডলার (৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা), যদিও গত ৭২ ঘণ্টায় তা ৬ শতাংশ কমেছে। গত অক্টোবরে এই টিকিটের মূল্য সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলার (১৬ লাখ ৮২ হাজার ৪২৪ টাকা) পর্যন্ত উঠেছিল। ২১ জুন ছিল ১২ হাজার ৩০১ ডলার এবং ৬ জুলাই ছিল ৯ হাজার ৯১১ ডলার।

এবারের বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। অতিরিক্ত টিকিট মূল্যের অভিযোগ তুলে একটি সমর্থক গোষ্ঠী মামলাও করেছে।

এ বিষয়ে আল জাজিরাকে সাংহাইভিত্তিক এমলিয়ন বিজনেস স্কুলের আফ্রো-ইউরেশিয়ান স্পোর্টস বিভাগের অধ্যাপক সাইমন চ্যাডউইক বলেন, বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজনের অন্যতম কারণ হচ্ছে রাজস্ব আয়ের বিশাল সম্ভাবনা। তার মতে, যুক্তরাষ্ট্র এমন একটি পরিণত বাজার, যেখানে দর্শকরা খেলাধুলার জন্য বেশি অর্থ ব্যয় করতে অভ্যস্ত।

তিনি আরও বলেন, ফিফা সম্ভবত ‘ডাইনামিক টিকিট প্রাইসিং’ পদ্ধতি অনুসরণ করছে। এই ব্যবস্থায় টিকিটের দাম নির্দিষ্ট থাকে না; বরং চাহিদা, সরবরাহ ও সময়ের ভিত্তিতে তা তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর