সামান্য বৃষ্টি হলেই মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোড পানিতে তলিয়ে যাচ্ছে। সড়কে বড় বড় গর্ত এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ছেন।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চৌমুহনা থেকে কুসুমবাগ রোড পর্যন্ত সেন্ট্রাল রোডের বিভিন্ন অংশে হাঁটুপানি জমে রয়েছে। জমে থাকা পানির নিচে সড়কের ছোট-বড় গর্তগুলো দেখা না যাওয়ায় রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং পলিথিন ও ময়লা-আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধতা সৃষ্টি হয়।
গত সপ্তাহে এক শিশু সড়কের একটি গর্তে পড়ে আহত হয়েছে। এছাড়া প্রায়ই রিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে সংশ্লিষ্টদের তৎপরতা। তাই জনগুরুত্বপূর্ণ এ সড়কটির দ্রুত সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ বলেন, সেন্ট্রাল রোডের জলাবদ্ধতার বিষয়টি আমাদের জানা আছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








