একদিন পরই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৮ PM

একদিন পরই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৬:০৮:১২ PM

একদিন পরই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র


কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার মাত্র একদিন পরই পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার পর্যটনকেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে পানি নেমে যাওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের জন্য আবারও কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন সাদাপাথর পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে এলে কেন্দ্রটি পুনরায় চালু করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সাদাপাথর এলাকার আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে যায়। ঢলের পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পুরো পর্যটন এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে পর্যটকদের চলাচল অনিরাপদ হয়ে ওঠার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ভারতে বৃষ্টিপাত কমার কারণে এবং সাদাপাথরে পানি নেমে যাওয়ায় এই পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর