২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আর্জেন্টিনাকে হারানোর ছক
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ PM

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আর্জেন্টিনাকে হারানোর ছক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১০:২৬:৩৯ AM

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আর্জেন্টিনাকে হারানোর ছক


বিশ্বকাপে গ্রুপ ‘জে’র দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এই মহারণের দুদিন আগে বায়ার্ন মিউনিখ ও অস্ট্রিয়া দলের অন্যতম তারকা কনরাড লাইমার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পাশাপাশি লিওনেল মেসিকেও প্রশংসায় ভাসিয়েছেন।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে লাইমার বলেন, ‘আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাই তারাই বর্তমানের সেরা দল। আর মেসি হচ্ছে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। তার মতো মাপের ফুটবলারদের মুখোমুখি হওয়া এবং নিজেদের শক্তি যাচাই করা সবসময়ই দারুণ ব্যাপার। কারণ এতেই বোঝা যায় আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি।’

তিনি আরও যোগ করেন, ‘আর্জেন্টিনা অনেক মানসম্পন্ন এবং একটি বিশেষ দল। অবশ্যই আমরা আমাদের সামর্থ্য দেখাতে চাই। তবে গ্রুপ পর্ব পার হতে হলে বাকি দুটি ম্যাচও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’

নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অস্ট্রিয়া ইতিমধ্যেই দারুণ সূচনা করেছে। এই ফলের পর তারা জানে, বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই তাদের জন্য শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে।

কাগজে-কলমে অস্ট্রিয়াকে ইউরোপের খুব বড় শক্তি মনে করা না হলেও কোচ রাল্ফ রাংনিকের অধীনে দলটি যেকোনো অঘটন ঘটাতে পারে বলে বিশ্বাস লাইমারের। তিনি বলেন, ‘আমাদের এই দলের মূল শক্তি হলো আমরা একটি সত্যিকারের ‘টিম’। সবাই জাতীয় দলের হয়ে জিততে চায় এবং ভালো ফুটবল খেলতে চায়, যা মাঠে স্পষ্ট ফুটে ওঠে। মাঠের ভেতরে ও বাইরে আমাদের সময়টা দারুণ কাটছে। আমরা অনেক আশাবাদী এবং আমাদের কোচের নির্দিষ্ট পরিকল্পনা ও নিজস্ব খেলার ধরণ রয়েছে। আমরা এখন দারুণ ছন্দে আছি।’

২৮ বছর বয়সী লাইমার বায়ার্ন মিউনিখের হয়ে অনেক শিরোপা জিতলেও এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন। অস্ট্রিয়াও ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে রোমাঞ্চিত লাইমার বলেন, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো বিশ্বকাপ খেলিনি এবং অস্ট্রিয়াও দীর্ঘ ২৮ বছর পর সুযোগ পেল। জাতীয় দলের হয়ে এমন বড় টুর্নামেন্টে অংশ নেওয়াটা সত্যিই বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘যেকোনো ফুটবলারের ক্যারিয়ারে বিশ্বকাপে অংশ নিতে পারা এক অসাধারণ মুহূর্ত। পরে কী হবে কেউ জানে না, তাই এই মুহূর্তগুলো এত স্পেশাল। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই অনন্য অনুভূতি।’

ডেভিড আলাবা, মার্সেল সাবিৎজার এবং মার্কো আরনোটোভিচের মতো অভিজ্ঞদের সঙ্গে লাইমার অস্ট্রিয়ার এক শক্তিশালী স্কোয়াডের অংশ। আগ্রাসী প্রেসিং এবং দ্রুতগতির ফুটবল খেলে তারা আর্জেন্টিনাকে চমকে দিতে চায়। আর এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করাই এখন অস্ট্রিয়ার মূল লক্ষ্য।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর