ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ PM

ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১২:১৭:৫৯ PM

ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন


ম্যাচের ৩০ মিনিটে দুই গোলে এগিয়ে গেল সুইডেন। বিরতির ঠিক আগ মূহুর্তে একটি গোল শোধ করে ফেরার ইঙ্গিত দিয়ে রাখল তিউনিসিয়া। তবে দ্বিতীয়ার্ধে সুইডেনের আক্রমণের সামনে আর খুঁজে পাওয়া গেল না উত্তর আফ্রিকার দেশটিকে।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সুইডেন। সুইডেশদের হয়ে জোড়া করেছেন ইয়াসিন আয়ারি, একটি করে গোল করেছেন আলেক্সান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন ওমর রেকিক।


এর আগে সোমবার ভোরে গ্রুপের উদ্বোধনী ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করেছে নেদারল্যান্ডস ও জাপান। ‘এফ’ গ্রুপে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন। দুইয়ে জাপান আর তিনে নেদারল্যান্ডস। কোন পয়েন্ট না পাওয়া তিউনিসিয়া তলানীতে।


বল পজেশনে তিউনিসিয়ার চেয়ে পিছিয়ে ছিল সুইডেন। ম্যাচের ৪৯ শতাশ বল নিজেদের কাছে রেখে ১৩ টি শট নিয়ে ৭টি রক্ষ্যে রাখতে পেরেছে সুইডেন। ম্যাচের ৫১ শতাংশ বল দখলে নিয়েও মাত্র ৬টি শট নিতে পেরেছে তিউনিসিয়া, যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি।


ম্যাচের ৭ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় সুইডেন। আলেক্সান্দার ইসহাককে লক্ষ্য করে বাড়ানো বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন তিউনিসিয়ার আবদেলমুহিব শামাখ। কিন্তু তাঁর পাঞ্চ করা বল চলে যায় ভিক্টর ইয়োকেরেসের পায়ে। আর্সেনাল তারকার নেওয়া শট তিউনিসিয়ার ডিফেন্ডাররা গোললাইন থেকে ক্লিয়ার করে ফিরিয়ে দেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। ডি-বক্সের বাইরে বল পেয়েই দূরপাল্লার এক দুর্দান্ত বুলেট শটে বল জালে জড়ান ইয়াসিন আয়ারি।


৩০ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করে সুইডেন। ইয়োকেরেসের বাড়ানো বল মাঝমাঠ থেকে একাই টেনে নিয়ে যান ইসাক। তিউনিসিয়ার ডি-বক্সের কাছাকাছি পৌঁছে তাঁর নেওয়া নিচু শট গোলকিপারকে ফাঁকি দিয়ে সোজা জালে জড়ায়।


বিরতির আগে ৪৩ মিনিটে এক গোল শোধ করে ব্যবধান কমায় তিউনিসিয়া। হানিবাল মেজব্রির চমৎকার এক ক্রস থেকে দারুণ হেডে বল জালে পাঠান ওমর রেকিক। এই গোলের মাধ্যমে ২০১৮ সালের পর থেকে বিশ্বকাপে টানা চার ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না পাওয়ার খরার অবসান ঘটাল দলটি। বিশ্বকাপে ১৯ ম্যাচে এটি ছিল প্রথমার্ধে তিউনিসিয়ার সপ্তম গোল।


ম্যাচের ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় সুইডেন। তিউনিসিয়ার গোলকিপার আবদেলমুহিব শামাখ হাত দিয়ে বল বাড়িয়ে দেন ইলিয়াস স্খিরির দিকে। তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে ইয়োকেরেসের দিকে এগিয়ে দেন ইসাক। গোলকিপারকে একা পেয়ে সহজেই বল জালে জড়ান ইয়োকেরেস।


ম্যাচের ৮৪ মিনিটে বদলি নেমেই গোল করেন মাটিয়াস সভানবার্গ। তবে বল জালে জড়ালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ফ্রি-কিক নেওয়ার মুহূর্তে সভানবার্গ পরিষ্কার কয়েক গজ অফসাইডে থাকায় প্রথমে গোলটি বাতিল বলেই মনে হয়েছিল।


তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেকে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। রিপ্লেতে দেখা যায়, ফ্রি-কিক নেওয়ার সময় সভানবার্গ অফসাইডে থাকলেও, অনসাইড পজিশনে থাকা ইসাক বলে হালকা একটা ছোঁয়া দিয়েছিলেন। আর ইসাক যখন বলটি স্পর্শ করেন, ঠিক সেই মুহূর্তে সভানবার্গ অনসাইড পজিশনেই ছিলেন। ফলে ভিএআর যাচাই শেষে গোলটির বৈধতা দেওয়া হয়।


৮৮ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সুইডেন। ইসাকের নেওয়া শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন তিউনিসিয়ার গোলকিপার শামাখ। যোগ করা সময়ের একদম মূহুর্তে নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলটি করেন ইয়াসিন আয়ারি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর