আমার ফাঁসি হলে হবে, চোরদের চুরি ছেড়ে দিতে হবে :ইউপি সদস্যকে
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২০ AM

আমার ফাঁসি হলে হবে, চোরদের চুরি ছেড়ে দিতে হবে :ইউপি সদস্যকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৭:২২:১৮ PM

আমার ফাঁসি হলে হবে, চোরদের চুরি ছেড়ে দিতে হবে :ইউপি সদস্যকে


ফেঞ্চুগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে ফেইসবুক লাইভে মারধরের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্য।

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ইউপি সদস্যকে থানায় তলব করেছে পুলিশ। ঘটনাটি প্রশাসনও তদন্ত করছে ।

শনিবার রাতে ফেঞ্চুগঞ্জের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম জানিয়েছেন।

ভাইরাল ভিডিওতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জয়নাল আহমদকে বলতে শোনা যায়, “এলাকায় বারবার চুরি হয়। চোরকে নিজ হাতে পুলিশে দেই, তারপর তারা দুই-চার দিন পর জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজ করে। এই দম চোরের জন্য এলাকার মান-সম্মান নষ্ট হচ্ছে।”

এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার ফাঁসি হলে হবে, পদবি গেলে যাবে কিন্তু এই গ্রাম ঠিক করে ফেলব। চোরদের চুরি ছেড়ে দিতে হবে।”

এ সময় লাইভে ওই যুবককে একটি প্লাস্টিকের পাইপ দিয়ে আঘাত করতেও দেখা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শনিবার রাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী ইউপি সদস্যের কাছে নিয়ে যায়।

পরে গভীর রাতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন ও শাস্তি দেন ইউপি সদস্য জয়নাল আহমদ। এ সময় ঘটনাটি লাইভ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. জয়নাল আহমদ বলেন, “বারবার থানায় অভিযোগ দিয়েও এলাকাবাসী কোনো সুষ্ঠু বিচার পাচ্ছে না। দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় পানির মোটর, এসি, এসির তার, পানির ট্যাংকি, গরু-ছাগল, নগদ টাকা, মানুষের বাড়ি, টিউবওয়েল এমনকি মসজিদের মাইকসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

তিনি বলেন, "এলাকাবাসীর অনুরোধে গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিদের নিয়ে অভিযুক্তদের

ডেকে সতর্ক করা হয়েছে। এলাকায় ১০ জনের একটি চোর চক্র রয়েছে, আমরা চাই তারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

“ভালো পথে ফিরলে তাদের কর্মসংস্থান ও জীবিকার ব্যবস্থায়ও সহযোগিতা করা হবে স্থানীয়ভাবে। এলাকাবাসী চুরের উৎপাতে অতিষ্ট।”

তবে ফেইসবুক লাইভে এসে ওই যুবককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

ওসি আবু জাফর মাহফুজুল করিম বলেন, “ফেসবুক লাইভে একজন অভিযুক্ত ব্যক্তিকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাও দেখছেন।

“কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর