আমাদের অনেক উন্নতি করতে হবে: ভিনিসিয়ুস
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৯ PM

আমাদের অনেক উন্নতি করতে হবে: ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৩:০৫:৩৬ PM

আমাদের অনেক উন্নতি করতে হবে: ভিনিসিয়ুস


নিজেদের প্রথম ম্যাচের আগে হুঙ্কার দিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেছিলেন, বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তেই এসেছে ব্রাজিল। কিন্তু সেই মিশনে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে সেলেসাওরা। মরক্কোর সঙ্গে ড্র করার পর এখন অনেক উন্নতির জায়গা দেখছেন ভিনিসিয়ুস।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও, পরে ভিনিসিয়ুসের চমৎকার গোলে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়েই ছিল ব্রাজিল। সব মিলিয়ে ৫৪ শতাংশ সময়  তাদের নিয়ন্ত্রণে ছিল বল। গোলের জন্য ব্রাজিলের ৮ শটের বিপরীতে মরক্কো করে ১৩টি শট। তবে ব্রাজিলের ৫টি শট ছিল লক্ষ্য বরাবর, মরক্কোর ৪টি।

সব মিলিয়ে দলের পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট হতে পারেননি ভিনিসিয়ুস। ম্যাচ শেষে ছোট্ট প্রতিক্রিয়ায় উন্নতির তাগিদ দেন তিনি। 

“আমাদের বল দখলে রাখতে হবে। আমার মনে হয় না, এই মুহূর্তে অনেক কিছু বলার আছে। আমি মনে করি, আমাদের অনেক উন্নতি করতে হবে।”

ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পরের ম্যাচেই। আগামী ২০ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে তারা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর