ভারতের মেঘালয় রাজ্যে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশী যুবক।
দেশে ফিরে আসা যুবকরা হলেন— সুনামগঞ্জ সদর থানার নয়াগাঙ্গ গ্রামের আব্দুল কুদ্দুছ (২৭) ও মোঃ মুহিবুর রহমান (২৯), টুকেরবাজার এলাকার মানিক আহমেদ (২৮), চানপুর গ্রামের সুহেল আহমেদ (৩১), বনগাও এলাকার মোঃ আল আমিন (২৭), শাল্লা থানার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া (২৩) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি গ্রামের রেস্টলি ব্লাহ (২৫)।
মঙ্গলবার দুপুর ১টায় তামাবিল ইমিগ্রেশনের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে।
তামাবিল স্থলবন্দরে উপস্থিত গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, ভারতের মেঘালয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে এই ৭ নাগরিককে বিএসএফ বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশের পক্ষ থেকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে ওই যুবকরা এবং তাঁদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আইনী জটিলতা ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে স্থানীয় প্রশাসন সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
আজকের সিলেট/এপি









