কলহের জেরে স্ত্রী-শাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে জখম
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২১ AM

কলহের জেরে স্ত্রী-শাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে জখম

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৬:৪৭:৩৫ PM

কলহের জেরে স্ত্রী-শাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে জখম


ওসমানীনগরে পারিবারিক কলহের জেরে ধরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো বঁটি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গত রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক ছানু মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।

আহতরা হলেন উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়ার সঙ্গে কয়েক বছর আগে রেশমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর জেরে রেশমা তার দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুরের স্কুল রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

রোববার রাতে ছানু মিয়া দুই সন্তানকে দেখতে ও খাবার খাওয়ানোর উদ্দেশ্যে সেখানে যান। এসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছানু মিয়া ধারালো দা দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুড়ি আজিরুন বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক ছানু মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর