হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু পাচারের সময় এক ট্রাকচালককে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসসংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরে ভোরে জব্দ করা বালু ট্রাকে করে পাচারের চেষ্টা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে বালুভর্তি একটি ট্রাকসহ চালক মো. নূর রহমানকে (৩৫) আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর, কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ১ নম্বর গাজীপুর ইউনিয়নের মুহুরী ছড়া ও ইছালিয়া ছড়াসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।
অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








