মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অভিযুক্ত কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ভাই ভাই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোটেলটিতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি একই অভিযোগে সিলগালা করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার ওরফে সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








