হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থিত খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে তাৎক্ষণিক ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মন্দরী গ্রামের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সমর্থকদের হুমকি দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত বাহিনী হিসেবে বিজিবি, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
মিডিয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আখি রাণী দাস বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে কিছু লোকের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, পরে সেনাবাহিনী কেন্দ্রসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজকের সিলেট/জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








