ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোথাও সহিংসতা, বিশৃঙ্খলা বা বড় ধরনের অভিযোগের খবর পাওয়া যায়নি।
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সকালে উপস্থিতি লক্ষ্য করা গেলে ও বেলা বাড়লেও কেন্দ্রে বাড়ছে না ভোটারদের উপস্থিতি।
প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক মাঠে রয়েছে।
হবিগঞ্জ-১ আসনে মোট ১৭৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন এবং হিজড়া ভোটার ৫ জন।
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ধানের শীষ প্রতীকের রেজা কিবরিয়া, রিকশা প্রতীকের মাওলানা সিরাজুল ইসলাম ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে।
আজকের সিলেট/এপি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








