ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সম্মিলিত নাগরিক জোটের স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার গর্ভধারিণী মাকে সঙ্গে নিয়ে ভোট দেন। প্রথমে তার মা ভোট প্রদান করেন, পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমার মাকে নিয়ে ভোট দিতে এসেছি। মা প্রথমে ভোট দিয়েছেন। আমি আশা করছি, হেলিকপ্টার প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।
এসময় তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর প্রতি সালাম জানিয়ে বলেন, আপনারা যাকে আমানতদার ও বিশ্বাসী মনে করবেন, তাকেই ভোট দেবেন।
সকল ভোটারকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেকটি কেন্দ্রে যেন সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট পরিচালিত হয়। বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর মান ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ যেন কোনো কেন্দ্রে না ঘটে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বিয়ানীবাজার প্রতিনিধি 








