নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, যা এক উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
উৎসবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম. নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও পরিবেশন করেন কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা। পিঠার সৌরভে মুখরিত পরিবেশে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী পিঠা উৎসবের প্রশংসা করে বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সবসময়ই অন্য মেডিকেল কলেজ থেকে আলাদা। এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গত এক সপ্তাহে ১,২০০ এরও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
উৎসবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি স্টল স্থাপন করা হয়, যেখানে দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠা পরিবেশন করা হয়। স্টল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ২৭তম ব্যাচের "রসকুঠির", দ্বিতীয় স্থান অধিকার করে বিডিএস-এর “হিমহাওয়া” এবং তৃতীয় স্থান অর্জন করে ২৩তম ব্যাচের "পিঠা কথা"।
এই উৎসব কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার বিশেষ আয়োজন করেছিল, যা এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে এবং সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
এ ধরনের উৎসব ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আজকের সিলেট/ডি/এপি









