বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত আব্দুল গফুর স্থানীয় সাবেক মেম্বার মৃত আহমদ আলীর বড় পুত্র।
শনিবার দুপুরে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের একপর্যায়ে আব্দুল গফুর মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি দেড় মাস আগে দেশে ছুটি কাটাতে এসেছিলেন এবং দেড় মাস পর তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








