সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনই মুল লক্ষ্য : সিইসি
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM

সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনই মুল লক্ষ্য : সিইসি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৫:৩০:১৮ AM

সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনই মুল লক্ষ্য : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন,  আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি সুষ্ঠু, সুন্দর নির্বাচনে জন্য। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামি নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। ভয়ের কোনো কারণ নেই। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাবো। কাজেই আপনারা সঠিকভাবে আইন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অন্যরা।

সিইসি আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা করা। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন, এবার আগের মতো ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটারা যাতে ভোট কেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার প্রচারণা করা হবে।
উক্ত কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্ত্তী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর