মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েলকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে ইউপি চেয়ারম্যান রুয়েলকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে ৩ আগস্ট একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয় এবং একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। পরে ৪ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করে। এ বিক্ষোভ মিছিলে অংশ নেন ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন।
এ ঘটনায় ২৬ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী তারেক মিয়া মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েলকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








