শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ, কয়েক হাজার মানুষ আতঙ্কিত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৩ PM

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ, কয়েক হাজার মানুষ আতঙ্কিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৪:১১:৫৬ AM

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ, কয়েক হাজার মানুষ আতঙ্কিত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর বাঁধটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা বন্যা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় মেরামত না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের বেশ কয়েকটি স্থানে দুর্বলতা লক্ষ্য করা গেছে, এবং বাঁধের ভিতর থেকে পানি চুষে বের হচ্ছে। কিছু স্থানে বড় ছোট গর্ত দেখা গেছে এবং কিছু জায়গায় বাঁধ দেবে গেছে।

গত আগস্ট মাসে ভারত থেকে নেমে আসা বন্যার পানির কারণে খোয়াই নদীতে পানি প্রবাহ বেড়ে গিয়েছিল, যার ফলে অনেক স্থানে পানি চুষে পড়েছে। বাঁধের দুর্বল স্থানগুলো বালুর বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও তা যথেষ্ট কার্যকর হয়নি। এর পর থেকেই শায়েস্তাগঞ্জ পৌর শহর ও এর আশেপাশের ইউনিয়নগুলোতে কয়েক হাজার মানুষ শঙ্কিত অবস্থায় রয়েছে। বিশেষ করে, নদীর বাঁধের পাশ দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি অফিস, বাজার, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কৃষি জমি রয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে বাঁধ মেরামত না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। শায়েস্তাগঞ্জের মানুষের দাবী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সঙ্গে যোগাযোগ করলেও এখনও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মেরামত কাজ শুরু না হলে, বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে সরকারি অফিস, স্কুল-কলেজ, বাজার, মসজিদ, মাজার শরীফ, পুকুর, দিঘী এবং কৃষিজমি সবই তলিয়ে যেতে পারে। এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রেজা জানান, শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের জন্য নকশা প্রণয়ন করা হচ্ছে। তিনি আশাবাদী যে, আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে মেরামত কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে বাঁধের মেরামত কাজ হয়েছিল, তবে এরপর বরাদ্দ না আসায় বাঁধের মেরামত করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা বেড়েছে, তবে বাঁধ ভাঙার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর