জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৩ PM

নিহত সবাই ছাত্রদলের কর্মী

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১২:৩২:৫৭ PM

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু


জৈন্তাপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার তাকিকোনা গ্রামের সৈয়দ জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখছেদ হাসান মহান (২০), রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও সিলেট নগরীর দক্ষিণ বাগবাড়ি এলাকার আব্দুল হাসিমের ছেলে হাফিজুর রশিদ (২০)। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার ধামড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে সুনামগঞ্জের ছাতক থেকে খেজুরের রস খেতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় এসেছিলেন তিন বন্ধু। সেখান থেকে খেজুরের রস পান করে প্রাইভেটকারে করে ভোরেই রওয়ানা দেন জাফলং ও জৈন্তাপুরের লাল শাপলার বিল দেখতে। প্রতিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর  ধামড়ী এলাকায় পৌছা মাত্র প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এঘটনায় আহত আরো দুজনের অবস্থা সংকটাপন্ন রয়েছে।

নিহত মহান ও সায়েমের বন্ধু ইউসুফ আহমদ ফারহান বলেন, সায়েম তার বাবার প্রাইভেটকারে করে ভোরে খেজুরের রস পান করতে ছাতক থেকে সিলেটের লামাকাজি যায়। সেখানে খেজুরের রস পান করে হরিপুরের দিকে বিভিন্ন এলাকা ঘুরতে যায়। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে মহান ও সায়েমসহ আমরা সব বন্ধুরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। কিন্তু এভাবে আমাদের ছেড়ে তারা চলে যাবে ভাবতেই পারছি না।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, চালকসহ মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে পরীক্ষা শেষে আমরা ৩ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুইজনের অবস্থাও গুরুতর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর