প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে অবস্থান করছেন। সফরের শেষ দিনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি বাহুবল উপজেলা সফর করবেন। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।
মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে পৌঁছান প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বুধবার (৪ নভেম্বর) মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার বাহুবলে যাওয়ার কথা রয়েছে তার।
প্রতিমন্ত্রীর সফরের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
ইউএনও উজ্জ্বল রায় জানান, বাহুবলে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে বাহুবলের প্রাথমিক শিক্ষা খাতে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সরকারি ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
সংশ্লিষ্টদের আশা, প্রতিমন্ত্রীর এ সফরের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো উঠে আসবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।
আজকের সিলেট/এপি









