শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ মহব্বত আলীর কঙ্কাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৬:৪৫:০৪ অপরাহ্ন

সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ মহব্বত আলীর কঙ্কাল


নিখোঁজ হওয়ার পর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। দীর্ঘ এই সময়ে পরিবারের অপেক্ষা আর উৎকণ্ঠার অবসান হয়নি। অবশেষে হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে মহব্বত আলীর কঙ্কাল। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় চারজনকে আটক করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, মহব্বত আলী (৩৯) একই গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন তিনি। এ কারণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন মহব্বত।

২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন তিনি। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে মহব্বত আলীর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

মামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর নিখোঁজ হওয়ার রহস্যের কোনো কিনারা হয়নি। পরে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় রামনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর