শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০১:৪৭:১৮ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০৫


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৬ জন। তবে এ সময়ে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। শুক্রবার সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম রাজ আহমেদ। তার বয়স ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭৩ জন।

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৬ জন ভর্তি হয়েছেন। হাসপাতালভিত্তিক হিসাবে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজারে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৪৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর