বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৫:১৪:১২ অপরাহ্ন

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০


ওসমানীনগরে ইন্ডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে ওসিসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইন্ডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রথমে অল্প কয়েকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় গ্রামের শত শত মানুষ এতে অংশ নেন। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষের মধ্যে অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অবস্থান নেন।

সংঘর্ষের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনিও আহত হয়েছেন। তবে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর