মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজাঘাট হরিণছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯) এবং গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজাঘাট হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে উদ্ধার করা বিদেশি মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








