টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধারণা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধারণা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০১:০৯:১১ PM

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার ধারণা


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে বের হন। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। সেখান থেকে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।

মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক থেকে ট্যাকেরঘাটে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান আশিষ। এ সময় স্থানীয় কয়েকজন তার মোবাইল ফোন নিয়ে সঙ্গে থাকা ব্যক্তিদের বিষয়টি জানান।

পরে স্থানীয়রা তাকে একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে স্পিডবোটে করে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। দিনভর টাঙ্গুয়ার হাওর ঘোরার পর বিকেলে তারা ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ফেরার সময় আশিষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের সঙ্গে থাকা বন্ধু রাজ শেখর বণিক বলেন, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে পাঁচজন বন্ধু একসঙ্গে থাকলেও আশিষকে দেখতে না পেয়ে তারা তাকে ফোন করেন। তিনি ফোন না ধরায় পরে তার ফোন থেকেই তাদের কাছে কল আসে। তখন তারা জানতে পারেন, আশিষ অসুস্থ হয়ে পড়ে আছেন।

রাজ শেখর বণিক বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আশিষকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর