৫০ দিনে ৫ টেস্ট, ব্যস্ত সূচিতে টাইগারদের সামনে বড় পরীক্ষা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ PM

৫০ দিনে ৫ টেস্ট, ব্যস্ত সূচিতে টাইগারদের সামনে বড় পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:৩৯:৪০ AM

৫০ দিনে ৫ টেস্ট, ব্যস্ত সূচিতে টাইগারদের সামনে বড় পরীক্ষা


এক সিরিজ শেষ হওয়ার পর পরের সিরিজের প্রস্তুতির জন্য যে বিরতি সাধারণত পাওয়া যায়, এবার সেটিও প্রায় নেই বাংলাদেশের ক্রিকেটারদের। এক দেশ থেকে অন্য দেশ, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট—টানা ক্রিকেটের এই ব্যস্ততায় আগামী ৫০ দিনের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে টাইগারদের। এর চারটিই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেই সিদ্ধান্তের বাস্তব পরীক্ষা শুরু হচ্ছে এই ব্যস্ত সূচির মধ্য দিয়েই। গত কয়েক বছরে সাদা পোশাকে বাংলাদেশের সামনে এমন ঠাসা সূচি দেখা যায়নি।

সেপ্টেম্বরের শেষে জাপানে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই ব্যস্ততা। সেখান থেকে দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে।

সূচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিরিজ দুটির মধ্যকার অল্প সময়। বাংলাদেশ এশিয়ান গেমসের ফাইনালে উঠলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য সময় থাকবে মাত্র পাঁচ দিন। এরপরও ব্যস্ততা শেষ হবে না। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শেষ করার মাত্র পাঁচ দিন পরই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফীসও সূচির এই চাপের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটে টানা ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের থাকলেও গত চার বছরে টেস্টে এমন ঠাসা সূচির মুখোমুখি হতে হয়নি দলকে।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ধকল কমানোর জন্য বিসিবির অন্যতম ভরসা হয়ে উঠছে ‘রোটেশন পলিসি’। বিশেষ করে দলের ছয় মূল পেসারের ফিটনেস ধরে রাখতে তাদের কাজের চাপ নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের ম্যাচগুলোতে মূল টেস্ট ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও ভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যারা খেলবেন না, তাদের মধ্য থেকে একজনকে কোচের তত্ত্বাবধানে আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এতে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তারা।

এর পাশাপাশি ব্যস্ত সূচি মাথায় রেখে স্কোয়াডও গুছিয়ে নেওয়া হচ্ছে। ইংল্যান্ড থেকে ফিরে ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের দলে যোগ দেবেন পেসার হাসান মাহমুদ। আর খালেদ আহমেদকে ২৭ তারিখ পর্যন্ত কাউন্টি খেলার অনুমতি দিয়েছে বোর্ড।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর