পুলিশ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, ধর্ম অবমাননাকর পোস্টের অভিযোগ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ AM

পুলিশ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, ধর্ম অবমাননাকর পোস্টের অভিযোগ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৬:৫১:৪৮ PM

পুলিশ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, ধর্ম অবমাননাকর পোস্টের অভিযোগ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সন্তান ও সিলেটে কর্মরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। ওই আইডি থেকে পবিত্র কোরআন শরিফ, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

বিশ্বজিৎ রায়ের অভিযোগ, তাকে সামাজিকভাবে হেয় করা এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া আইডিটি খুলেছে।

বিশ্বজিৎ রায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পূর্বপাড়ার বাসিন্দা বেনু মাধব রায় ও অঞ্জনা রানী রায়ের ছেলে। বর্তমানে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে কর্মরত রয়েছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৪ মিনিটে পরিচিত এক সাংবাদিকের কাছ থেকে ভুয়া ফেসবুক আইডির বিষয়টি জানতে পারেন বিশ্বজিৎ রায়। ওই সাংবাদিকের পাঠানো লিংকে প্রবেশ করে তিনি দেখতে পান, তাঁর নাম এবং মূল ভেরিফায়েড ফেসবুক আইডির ছবি হুবহু ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বিশ্বজিৎ রায় বলেন, তাঁর মূল ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। ভুয়া আইডিটি পর্যালোচনা করে একাধিক বানানের ভুলও দেখতে পেয়েছেন তিনি। তাঁর দাবি, তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে বিব্রত এবং পরিকল্পিতভাবে ভাবমূর্তি নষ্ট করতেই কেউ এ ধরনের আইডি তৈরি করেছে।

তিনি জানান, বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে জানানোর পর সোমবার গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভুয়া আইডি পরিচালনাকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডিটি কারা পরিচালনা করছে, তা শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর