ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM

ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১১:৩৫:৩৩ AM

ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনায় পরিবর্তন এসেছে। হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে উমর রাশেদ মুনিরকে বদলির নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিয়ে আলোচনায় এসেছিলেন উমর রাশেদ

পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের কারণে সম্প্রতি আলোচনায় আসেন ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ১ আগস্ট দেওয়া একটি বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময় পর্যন্ত কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়। সেখানে হাসপাতালে প্রবেশের সময় সকাল ৮টা এবং প্রস্থানের সময় দুপুর ২টা ৩০ মিনিট নির্ধারিত থাকার কথা জানানো হয়।

তবে বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় নির্ধারিত সময় মেনে চলার ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে। তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছিলেন। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক হাসপাতালে প্রবেশ করছিলেন।

কর্মস্থল ছাড়ার ক্ষেত্রেও একই ধরনের চিত্র পাওয়া যায়। দুপুর ২টা ৩০ মিনিটের নির্ধারিত সময়ের আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি এবং কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এখন ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের স্থলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর