প্রবীণ ব্যক্তিদের মানা সত্ত্বেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন বিপাশা!
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ PM

প্রবীণ ব্যক্তিদের মানা সত্ত্বেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন বিপাশা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১০:০২:২৭ AM

প্রবীণ ব্যক্তিদের মানা সত্ত্বেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন বিপাশা!

বলিউড অভিনেত্রী বিপাশা বসু অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জিসম’। এটি ২০০৩ সালে মুক্তি পায়।


ক্যারিয়ারের শুরুর দিকেই ‘জিসম’-এর মতো সাহসী গল্পের সিনেমায় কাজ করা সহজ সিদ্ধান্ত ছিল না বিপাশা বসুর জন্য। বরং সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার সময়ই তিনি বুঝেছিলেন, এটি তার ক্যারিয়ারের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী।

বিপাশা জানান, সিনেমাটির বিষয়বস্তু যৌনতা ঘেঁষা হওয়ায় ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি তাকে ‘জিসম’-এ কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, সিনেমাটির আবেদনময়ী দৃশ্য ও সাহসী গল্প তার তখনকার উঠতি ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিনেত্রীর ভাষ্য, সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় সবাই তাকে সিনেমাটি না করার বিষয়ে সতর্ক করেছিলেন। তাদের ধারণা ছিল, সামান্য আবেদনময়ী দৃশ্য রয়েছে—এমন কোনো সিনেমায় অভিনয় করলে তার ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যেতে পারে।

তবে সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি বিপাশা। নিজের সিদ্ধান্তে অটল থেকে তিনি সিনেমাটিতে অভিনয় করেন। তার কাছে ‘জিসম’ কোনো সস্তা ধরনের সিনেমা ছিল না; বরং প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত একটি প্রেমের গল্প হিসেবেই সিনেমাটিকে দেখেছিলেন তিনি।

বিপাশা বলেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং ‘জিসম’ও ছিল প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত অ্যাডাল্ট লাভ স্টোরি। তাই সিনেমাটি ছোটদের জন্য নয়—এ বিষয়টি শুরু থেকেই তার কাছে পরিষ্কার ছিল।

সিনেমাটিতে কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আকর্ষণ ছিল সোনিয়া খান্না চরিত্রটি। অমিত সাক্সেনা পরিচালিত এবং মহেশ ভাট রচিত সিনেমাটিতে চরিত্রটির নানা ধূসর দিক পর্দায় তুলে ধরার সুযোগ বিপাশাকে আকৃষ্ট করেছিল। সেই সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেত্রী।

‘জিসম’ মুক্তির সময় বিপাশার ক্যারিয়ার ছিল উত্থানের শীর্ষে। ‘অজনবি’ ও ‘রাজ’-এর সাফল্যের পর তার জনপ্রিয়তার মধ্যেই মুক্তি পায় এই সাহসী থ্রিলার। সিনেমাটি তার ক্যারিয়ারে যোগ করে ভিন্ন এক মাত্রা।

‘জিসম’ ছিল অভিনেতা জন আব্রাহামের অভিষেক সিনেমাও। এতে কবির লাল চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। অন্যদিকে বিপাশার সোনিয়া খান্নার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সোনিয়ার ধনী স্বামী রোহিত খান্নার চরিত্রে গুলশন গ্রোভারের উপস্থিতি গল্পে তৈরি করে জটিল এক সম্পর্কের সমীকরণ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর