কমলা গাছ কাটার বিতর্ক: তদন্ত শেষ হওয়ার আগেই বদলি প্রীতম বড়ুয়া
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

কমলা গাছ কাটার বিতর্ক: তদন্ত শেষ হওয়ার আগেই বদলি প্রীতম বড়ুয়া

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ১২:২৪:৪৬ PM

কমলা গাছ কাটার বিতর্ক: তদন্ত শেষ হওয়ার আগেই বদলি প্রীতম বড়ুয়া


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত প্রায় ১২০০ টি কমলা গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলাকালেই এই বদলির আদেশ আসে।

মঙ্গলবার সকালে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার ঠিক আগমুহূর্তে ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সালমা বেগম ও আলিম উল্লা দম্পতি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম।

তদন্ত কমিটি গত ২৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ক্ষতিগ্রস্ত বাগান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। বন বিভাগ সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং কমিটির চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে তদন্ত শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার বদলির আদেশকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বন বিভাগ বলছে, এটি মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। তদন্ত কার্যক্রমের ওপর এ বদলির কোনো প্রভাব পড়বে না বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আজকের সিলেট/ কেবি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর