‘ওদের মাটিতে ফেলে হারিয়েছি!’
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM

‘ওদের মাটিতে ফেলে হারিয়েছি!’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৯:৩১:৪৩ AM

‘ওদের মাটিতে ফেলে হারিয়েছি!’


এই ম্যাচ অন্য সাধারণ ম্যাচের মতো ছিল না। একে তো বিশ্বকাপের সেমিফাইনাল, তার উপর আবার প্রতিপক্ষের নাম ইংল্যান্ড। যে দেশের বিরুদ্ধে খেলা শুধুমাত্র ফুটবলে সীমাবদ্ধ থাকে না। তা হয়ে ওঠে যুদ্ধ। আর সেই যুদ্ধ জিতেছে আর্জেন্টিনা। ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে জিতেছে। জয়ের পর মেসি জানালেন, এই জয় আর্জেন্টিনার প্রত্যেকের জয়। খেলা শেষে মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জয়ের গুরুত্ব তার কাছে কতটা? এক মুহুর্ত না ভেবে মেসি বলেন, ‘এটা বিশ্বকাপের একটা ম্যাচ হলেও বাকি ম্যাচের থেকে আলাদা। সমর্থকেরা এই জয়টা চেয়েছিল। কারণ, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার মতো আনন্দ আর কিছুতে নেই। সেটা আমরা সমর্থকদের দিতে পেরেছি।’

মেসি-সহ পুরো আর্জেন্টিনা দল এই প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলল। কিন্তু ১৯৬৬, ১৯৮৬ সালের বিশ্বকাপের লড়াইয়ের কথা তাদের জানা। ফকল্যান্ড যুদ্ধ তাদের স্মৃতিতে। তাই পিছিয়ে পড়ার পর যে লড়াইটা আর্জেন্টিনা করেছে তা ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে।

মেসি জানিয়েছেন, এই ম্যাচে হারার উপায় ছিল না। তাদের জিততেই হত। সেটাই করেছেন তারা। মেসি বলেন, ‘আর্জেন্টিনার কেউ এই ম্যাচটা হারতে চায়নি। এই হার হজম করতে পারতাম না। সেটা সকলেই জানে। তাই হয়তো আনন্দ কিছুটা বেশিই হচ্ছে। আমি জানি, গোটা আর্জেন্টিনা এখন আনন্দে লাফাচ্ছে।’

কিন্তু ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে জয় সহজ কথা নয়। চলতি বিশ্বকাপে সেই ছবি আগেও দেখা গিয়েছে। কাবো ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে জিতেছে আর্জেন্টিনা। মিশরের বিরুদ্ধে ৭৮ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে থেকেও ৩ গোল করেছে তারা। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে পিছিয়ে থেকে জেতা সহজ ছিল না। কী ভাবে এই অসাধ্যসাধন করল তারা?

জবাব দিয়েছেন মেসি। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার বলেন, ‘এই দলটা কখনো হাল ছাড়ে না। হারার ভয় আমাদের নেই। খালি জানি, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। এই ম্যাচেও সেটাই করেছি। ওদের অর্ধেই ওদের মাটিতে ফেলে হারিয়েছি। আমরা অতিরিক্ত সময় খেলতে চাইনি। ৯০ মিনিটেই জিততে চেয়েছিলাম। সেটাও করে দেখিয়েছি।’

সংযুক্তি সময়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। খেলা শেষে কথা বলার পরিস্থিতিতে ছিলেন না তিনি। আর্জেন্টিনার এই স্ট্রাইকার বলেন, ‘আমি কিছু বলার মতো অবস্থায় নেই। খেলা শেষে অনেকক্ষণ কেঁদেছি। এভাবেও যে জিততে পারব ভাবিনি। যেভাবে ফিরেছি তা অসাধারণ। হাল ছাড়িনি। লড়াই করেছি। শেষ দিকে যেভাবে আক্রমণ করেছি তাতে আরও বেশি গোলে জিততে পারতাম।’

এবার ফাইনালে সামনে স্পেন। পর পর দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ মেসিদের। লাউতারোদের সাহায্যে সেই লক্ষ্যেই এগোচ্ছেন লিও।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর