টানা তিনবার সেমিফাইনাল শোনা সহজ হলেও কাজটা মোটেও সহজ নয় : দেশম
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৭ PM

টানা তিনবার সেমিফাইনাল শোনা সহজ হলেও কাজটা মোটেও সহজ নয় : দেশম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১০:২৪:০৯ AM

টানা তিনবার সেমিফাইনাল শোনা সহজ হলেও কাজটা মোটেও সহজ নয় : দেশম


মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ফ্রান্স। শক্তিশালী দল হওয়া সত্ত্বেও এই লক্ষ্য পূরণ করা মোটেও সহজ ছিল না বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

দেশম বলেন, ‘টানা তিনবার সেমিফাইনালে ওঠা দারুণ এক অর্জন। এটি শুনতে খুব স্বাভাবিক মনে হলেও সেখানে পৌঁছানো অনেক কঠিন কাজ। অবশ্যই আমার দলে চমৎকার সব খেলোয়াড় আছে। আজ পেনাল্টি মিস আর হাতছাড়া হওয়া কিছু সুযোগের কারণে ম্যাচটি কিছুটা জটিল হয়ে পড়েছিল।

তবে কিলিয়ানকে (এমবাপ্পে) নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই, গোল করার আগেও সে সুযোগ তৈরি করেছিল। আমরা যেখানে পৌঁছাতে চেয়েছিলাম, সেখানেই আছি। এখন আমরা ভালোভাবে বিশ্রাম নেব এবং আগামীকালের ম্যাচের প্রতিপক্ষের দিকে নজর দেব।’

দ্বিতীয়ার্ধে এমবাপ্পে এবং কোনেকে তুলে নিয়ে তাদের পরিবর্তে মাতেতা ও জাইর-এমেরি’কে মাঠে নামানোর কারণও ব্যাখ্যা করেন দেশম। তিনি বলেন, ‘কিলিয়ান তার গোড়ালি বা অ্যাঙ্কেলে ব্যথা অনুভব করছিল এবং মানু কোনে হাঁটুতে চোট পাওয়ার পাশাপাশি তার পায়ে টান (ক্র্যাম্প) লেগেছিল। ওয়ারেন (জাইর-এমেরি) বদলি হিসেবে নেমে খুব ভালো খেলেছে। দলের সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমি চেষ্টা করি যাতে দলের প্রতিটি সদস্য নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে।

মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের প্রথম গোলদাতা কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যান, যা সচরাচর দেখা যায় না। ম্যাচ শেষে তিনি জানান, তার গোড়ালিতে ‘সামান্য চোট’ লেগেছে, তবে তিনি এখন ঠিক আছেন। মাঠেই দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি ঠিক আছি, গোড়ালিতে একটু চোট পেয়েছিলাম, তবে এখন সমস্যা নেই। ওই মুহূর্তে শেষ ১৫ মিনিট খেলার জন্য আমার চেয়ে জেপি (জ্যঁ-ফিলিপ মাতেতা) বেশি ভালো অবস্থায় ছিল। সে মাঠে নেমে প্রায় গোল করেই ফেলেছিল, তাই সিদ্ধান্তটি ভালোই ছিল।’

ফরাসি দলের জয়ের মানসিকতা নিয়ে এমবাপ্পে জানান যে, তার দল যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা জানি স্বস্তিতে থাকার একমাত্র উপায় হলো জয়। আমরা সেমিফাইনালে উঠেছি, এখনো অনেকটা পথ বাকি, তবে আমরা খুবই খুশি। আমরা এখন বিশ্রামের জন্য কিছুটা সময় নেব এবং আগামীকালের ম্যাচটি দেখব।’

পিএসজিতে তার সাবেক সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির হারের বেদনায় তিনি নিজেও ব্যথিত কি না? এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে খুব সংক্ষিপ্ত ও সোজাসুজি উত্তর দেন: ‘না।’ তিনি আরও যোগ করেন, ‘যখন আমি ড্রেসিংরুমে ফিরে যাব, তখন বিষয়টি হয়তো আমার জন্য কিছুটা কঠিন হবে। মাঠে কোনো আবেগ চলে না, আমরা এখানে জিততে এসেছি। তবে সে আমার বন্ধু, ড্রেসিংরুমে তার বিষণ্ণ চেহারার মুখোমুখি হওয়াটা সত্যিই কষ্টের হবে।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর