বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, নাকি আর্লিং হালান্ডের নরওয়ে—কারা পাবে শেষ আটের টিকিট? ম্যাচটি ঘিরে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। এমন উত্তেজনার মধ্যেই এ ম্যাচের সম্ভাব্য জয়, গোলসংখ্যা ও গোলদাতাদের নিয়ে পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-নরওয়ের এই শেষ ষোলোর ম্যাচ। জয়ী দল উঠে যাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি নিয়ে এআইয়ের বিশ্লেষণে এগিয়ে রয়েছে ব্রাজিল। বিভিন্ন পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি এবং সম্ভাব্য একাদশ বিবেচনায় ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৮ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০ শতাংশ এবং নির্ধারিত ৯০ মিনিটে ড্র হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ। এআইয়ের সম্ভাব্য স্কোরলাইনও ব্রাজিলের পক্ষেই।
পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি ২-১ গোলে জিততে পারে ব্রাজিল। সম্ভাব্য গোলদাতার তালিকায় রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার। তাদের একজন করে গোল করার সম্ভাবনা দেখানো হয়েছে। অন্যদিকে নরওয়ের হয়ে একটি গোল করতে পারেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে পরিসংখ্যান ব্রাজিলের জন্য কিছুটা সতর্কবার্তাও দিচ্ছে। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের স্মৃতি সুখকর নয়। অতীতের দেখাগুলোতে নরওয়ে কখনও ব্রাজিলের কাছে হারেনি। তাই কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াই যে কঠিন হবে, সেটি মনে করছেন বিশ্লেষকরাও।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








