ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩১ PM

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৬:৩৪:৩৩ PM

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা


মেক্সিকো সিটির বৈরি আবহাওয়া ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেও ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর সূচিতে কোনো পরিবর্তন আনছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে মেক্সিকো-ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। একই সঙ্গে বহাল থাকছে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ের সময়সূচিও।

গত কয়েকদিন ধরে আলোচনা ছিল, মেক্সিকো সিটিতে সম্ভাব্য ভারী বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় এগিয়ে আনা হতে পারে। সেই পরিবর্তন হলে একই দিনের অন্য ম্যাচগুলোর সূচিতেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়েও তৈরি হয়েছিল নানা গুঞ্জন।

তবে সব দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফলে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের দল নরওয়ে।

জানা গেছে, আবহাওয়ার পূর্বাভাস সামনে রেখে ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ফুটবল ফেডারেশন ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে। সেখানে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে দুপুর ১২টায়, অর্থাৎ প্রায় ছয় ঘণ্টা এগিয়ে আনার প্রস্তাবও আলোচনা হয়। কিন্তু দু'দলের ভ্রমণসূচি, সম্প্রচার পরিকল্পনা, স্টেডিয়াম পরিচালনা এবং অন্যান্য লজিস্টিকস সংক্রান্ত জটিলতার কারণে সেই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সব পক্ষের মতামত বিবেচনা করে সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

শুধু আবহাওয়াই নয়, জননিরাপত্তার বিষয়টিও ছিল আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দীর্ঘায়িত হয়ে গভীর রাতে শেষ হলে বিপুলসংখ্যক সমর্থকের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। এর ফলে বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতির ঝুঁকিও বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতে কয়েকটি ম্যাচ ঘিরে উত্তেজনার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে, যা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই হবে শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে। তাই স্বাগতিক সমর্থকদের সামনে নিজেদের শেষ ম্যাচটি ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আবহাওয়ার শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে এখন সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। একই সঙ্গে ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়েও সময় পরিবর্তনের সব জল্পনার ইতি টানল ফিফা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর