প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হয় আজতেকা স্টেডিয়ামে।
গ্রুপ পর্বে টানা তিনটি জয় নিয়ে শেষ ৩২-এ প্রবেশ করা মেক্সিকো শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের ধারাবাহিক চাপের ফল আসে ২২তম মিনিটে। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। বাম দিক থেকে দৌড়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল জালে পাঠান।
এরপর ৩১তম মিনিটে আবারও আক্রমণে ভূমিকা রাখেন কুইনোনেস। তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধে চাপে থাকা ইকুয়েডর দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থেকে আক্রমণ গড়ে তুললেও মেক্সিকোর শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে একাধিকবার বিপদ তৈরি করে মেক্সিকো।
ম্যাচের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডার হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা ১০ জনে পরিণত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মেক্সিকো।
গ্রুপ পর্বে জার্মানিকে হারানো ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান শেষ হলো শেষ ৩২ থেকেই। অন্যদিকে এবারের আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি মেক্সিকো, যা তাদের রক্ষণভাগের দৃঢ়তাকেই তুলে ধরছে।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








