সিলেট-১ আসনে দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নতুন সরকারে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ শেষে বিকেলে মন্ত্রীর শপথ গ্রহণ করেন তিনি। তার মন্ত্রী হওয়াকে সিলেটের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
খন্দকার মুক্তাদিরের বাবা সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিক একসময় সিলেট-১ আসনের জনপ্রিয় রাজনীতিক ছিলেন। প্রায় তিন দশক পর সেই আসন পুনরুদ্ধার করেন মুক্তাদির।
২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের পরও তিনি মাঠ ছাড়েননি। নিয়মিত রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগ ধরে রেখে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় লাভ করেন। নির্বাচনে তিনি প্রায় ১ লাখ ৭৬ হাজার ভোট পেয়ে জয়ী হন।
সিলেট-১ আসনকে ঘিরে দীর্ঘদিনের একটি রাজনৈতিক মিথ প্রচলিত রয়েছে-‘সিলেট-১ যার, সরকার তার।’ অতীতে বিভিন্ন সময়ে এ আসনে বিজয়ী প্রার্থীরা সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এবারও সেই আলোচনা নতুন করে সামনে এসেছে।
নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে রাজনৈতিক সহনশীলতার বার্তা দেন মুক্তাদির। তিনি সিলেটে বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
তার মন্ত্রী হওয়ায় সিলেট মহানগর ও সদর এলাকায় উন্নয়ন প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








