মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত সদস্যগুলোর মধ্যে ওমানের প্রধান হিজরি মাস নির্ধারণ কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রোজা ১৪৪৭ হিজরি শুরু হবে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সন্ধ্যায় শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মঙ্গলবার বা ২৯ শাবান তারিখে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে ওমানের সব গভর্নরেটে রমজানের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা ছিল না।
কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে, এ সিদ্ধান্ত ধর্মীয় বিধান ও বৈজ্ঞানিক বিশ্লেষণ-উভয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নেয়া হয়েছে। চাঁদ দেখার ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি আধুনিক জ্যোতির্বিজ্ঞানভিত্তিক তথ্যও বিবেচনায় নেয়া হয়েছে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে।
ওমানের এ ঘোষণার মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে রমজান শুরুর আনুষ্ঠানিকতা শুরু হলো। অন্যান্য জিসিসিভুক্ত দেশও নিজ নিজ চাঁদ দেখা কমিটির বৈঠকের পর রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।
রমজান উপলক্ষে রাজধানী মাসকাটসহ দেশের বিভিন্ন শহরে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাজারগুলোতে নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর চাহিদা বেড়েছে। মুসল্লিরা ইতোমধ্যে তারাবিহ নামাজ ও ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এর মাধ্যমে ওমান আবারও প্রমাণ করল, ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞানের সমন্বয় কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়।
আজকের সিলেট/এপি
ধর্ম ও জীবন ডেস্ক 








