সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় একটি পাইপগানসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাত (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আজিদুল্লাহর ছেলে।
শুক্রবার রাতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে হায়দরপুর গ্রামের যৌথ বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতিতে নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাঁর তথ্যমতে একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় মামলার পর আজ শনিবার কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়। জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।
আজকের সিলেট/ডি/এসটি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 








