রেলের পাথর চুরি: ৪ নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪২ PM

রেলের পাথর চুরি: ৪ নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত

সংবাদদাতা

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৮:০২:১২ AM

রেলের পাথর চুরি: ৪ নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত


কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় পাথর চুরির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান সই করা আদেশে এ বিষয়টি জানানো হয়। বরখাস্তরা হলেন- এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও মো. আব্দুল হাই। তারা সবাই ভোলাগঞ্জ পাথর কোয়ারি বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

সাময়িক বরখাস্তকালীন তারা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন ঢাকার কমান্ড্যান্ট দপ্তরে হাজির থাকবেন।

ঘটনা তদন্তে ঢাকা বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্টকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন বাংলাদেশ রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ জানুয়ারি ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনী পদক্ষেপের উদ্যোগ নেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর