কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় ট্রাক চাপায় আজমান আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আজমান আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলর চালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথর বাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। টুকের বাজার ৩ ভাই ও ৪ ভাই রেস্টুরেন্টের সামনে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করতে যায়। ট্রাকের বাম দিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশে থাকা অন্য একটি ব্যাটারীচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাক্টের পেছনের চাকার নিচে পড়ে যায়।
এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তাকে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








