সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে।ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাসে হাওরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই।
বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো উপজেলা।
এদিকে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অটোরিকশাচালক খালেদ আহমদ বলেন, গত দুই-তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় হেটলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার মধ্যে দুর্ঘটনা বেশি হয়।
তীব্র শীতে জবুথবু হাওরপারের মানুষ। ঘন কুয়াশা ও শীতের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার নলুয়া হাওরের কৃষক রণধীন কান্ত দাস বলেন, আগামী বোরো ফসলের জন্য জমিতে চাষাবাদের উপযুক্ত সময় এখন। কিন্তু ঘনকুয়াশা ও শীতের তীব্রতার কারণে কৃষি কাজে বিঘ্নিত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘন কুয়াশা ও শীত কিছু বাড়লেও এখনো বোরো ধানের বীজতলার কোনো ক্ষতি হয়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, ‘কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে আছে।
আজকের সিলেট/ডি/এসটি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








