হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মরহুম সৈয়দ শফি উদ্দিন আহমদ এর পুত্র, প্রখ্যাত রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, আইনজীবী ও সাবেক এমপি সৈয়দ সঈদ উদ্দিন আহমদ এর ৫০ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রতি বছরের মতো, মঙ্গলবার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা সাহেব বাড়ির জামে মসজিদে খতমে কুরআন, খতমে আম্বিয়া, মিলাদ- কিয়াম, মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা, দোয়া-মোনাজাত এবং রওজা শরীফ জিয়ারতের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মরহুম সৈয়দ সঈদ উদ্দিন আহমদ ছিলেন একজন বর্ণাঢ্য জীবনধারী কৃতি সন্তান। ১৯৪৭ সালে পাকিস্তান-হিন্দুস্তান বিভক্তির সময় সিলেট বিভাগকে পূর্ব পাকিস্তান রাখার বিষয়ে গণভোটে অংশ নিয়ে সফল ভূমিকা রাখেন এবং সিলেট বিভাগের বাংলাদেশের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি পূর্ব পাকিস্তান আইন পরিষদের এমপি এবং পার্লামেন্টের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি তার জীবদ্দশায় মাধবপুর উপজেলা এবং নোয়াপাড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, নোয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আইবি স্কুল, ইটাখোলা ঈদগাহ প্রতিষ্ঠাসহ অসংখ্য ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রচেষ্টায় মাধবপুর উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মিত হয়, যেমন- খোয়াই নদীর বাইপাস, চুনারুঘাট উপজেলা খোয়াই নদীর ওপর ব্রিজ, মাধবপুর থানা উন্নয়ন কেন্দ্র, এবং মাধবপুর সদর হাসপাতাল কমপ্লেক্স।
মরহুমের স্বপ্ন ছিল মাধবপুর উপজেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। তার এই উদ্দেশ্য সফল করতে সায়হাম গ্রুপের মাধ্যমে নোয়াপাড়া শিল্প নগর হিসেবে পরিচিতি লাভ করেছে। সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, ফয়সল স্পিনিং মিলসসহ অনেক বড় শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩০-৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
তবে, মরহুমের পরিবার তার উত্তরসূরি হিসেবে তার করা উন্নয়নমূলক কাজগুলি অব্যাহত রেখেছে। তারা সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, সায়হাম ডেনিম মিলস এবং অন্যান্য অনেক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এছাড়া, সায়হাম গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান, গরীব-অসহায়দের সাহায্য, ঈদ উপলক্ষে পোশাক বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়।
মরহুম সৈয়দ সঈদ উদ্দিন আহমদের কর্মময় জীবন ও তার উত্তরসূরিদের প্রচেষ্টায় মাধবপুর উপজেলা এক উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে, যা ভবিষ্যতে আরও বেশি উন্নয়ন এবং প্রগতির দিকে এগিয়ে যাবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি 








