সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে কৃষিজমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতরা হলো- ধরমপুর গ্রামের আব্দুস সালাম (৪৫), সিরাজুল ইসলাম (৩০), আব্দুল খালিক ৫০, আবু বক্কর,(৩৩), রিপন আলী (২৫), এশকার হোসেন (৫৫), দিলোয়ার (৩০), আব্দুনুর (৪৫), হোসেন (৩৫), জুবেল মিয়া (২৬), সেনুর আলী (২৪), ইউছুব আলী (৩৫), সুমাইয়া (১৩), শিল্পিনা বেগম (৩৩), রফিক (৩৫), ইছানুর (৩৮), উলিবুর (২৩), রিপন (৩০), হাবিবুর রহমান (৩৯), আনাস আলী, সাব্বির (২৫), কাসেম (৪০)।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ধরমপুর গ্রামের রইছ আলী ও রফিক মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামে রইছ মিয়া ও রফিক মিয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে ধরমপুর গ্রামের রফিক মিয়ার ডোবায় কে বা কারা বিষ দেয়। এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার বিকালে কৃষিজমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে যা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে অনেক আহত এসেছেন। বেশিরভাগ আহতদের মাথায়, পা, হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে রেফার করা হয়েছে।’
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ‘দুই পক্ষের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আজ পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
আজকের সিলেট/প্রতিনিধি/এপি









