গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানের লেখাপড়ার জন্য প্রয়োজন, শিক্ষকদের জীবন মানের উন্নয়ন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে মেয়ে ভালো শিক্ষা অর্জন করে দেশের একজন সুনাগরিক হয়ে গড়ে উঠবে আর শিক্ষকরা মানবেতর জীবনযাপন করবে তা সত্যি মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আন্তঃ তোয়াকুল কিন্ডার গার্টেন কোয়ালিসন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, সততা নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সবজায়গায় রয়েছে। যে কাজটি একজন শিক্ষক সব বাধা অতিক্রম করে সুনিপুণভাবে সম্পন্ন করেন, যাতে শিশুর জীবন ও চরিত্র গড়ে ওঠে প্রকৃত মানুষ হিসেবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন।দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষকরা আন্তরিক একজন শিক্ষক দরদি মন নিয়ে শিক্ষা প্রদান করেন।
শিক্ষক আতিকুর রহমান আরো বলেন,শিক্ষার আঁতুড় ঘর হচ্ছে প্রাথমিক শিক্ষা।যেখান থেকে শিশুর মেধার বিকাশ ঘটে কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার অবস্থা আপনারা সবাই অবগত।দেশের শিক্ষা ব্যবস্থার এই ক্রান্তিলগ্নে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান কিন্টার গার্টেন গুলো গুণগতমানের শিক্ষা ব্যবস্থার হাল ধরেছে।এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা নামমাত্র সম্মানিতে তাদের মেধা ও শ্রম শিক্ষার্থীদের মাঝে অকাতরে বিলিয়ে দেন। আপনারা অভিভাবকরা শিক্ষকদের সময় মত বেতন ভর্তি ফি সহ বিদ্যালয়ে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো সম্পর্কে দায়িত্বশীল ও সচেতন হবেন।
বৃহস্পতিবার সকালে প্রতিভা বিদ্যানিকেতনে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি এম এ লতিফ এর সভাপতিত্বে ও প্রতিভা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনার বাংলা শিক্ষা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বদরুল আমিন আল সৈয়দ,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মনজুর আহমদ, আন্ত:তোয়াকুল কিন্ডার গার্টেন এর সভাপতি বুরহান উদ্দীন, প্রতিভা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মোশাহিদ আলী, গোয়াইনঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম,শিক্ষানুরাগী ইসলাম উদ্দিন ও রুবেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠান পরবর্তী বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আজকের সিলেট/ডি/এপি
গোয়াইনঘাট প্রতিনিধি 








